দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিস্তৃত সমঝোতা বাস্তবায়ন নিয়ে কারিগরি পর্যায়ের কোনো বৈঠক এ সপ্তাহে অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী এবং কারিগরি আলোচনায় দেশটির প্রধান প্রতিনিধি কাজেম গারিবাবাদি ওমানের মাসকাটে সাংবাদিকদের বলেন, ‘এ সপ্তাহে কোনো কারিগরি ওয়ার্কিং গ্রুপের বৈঠক নির্ধারিত হয়নি।’
চলতি মাসের শুরুতে সুইজারল্যান্ডে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে কারিগরি ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়ে দুই পক্ষ সম্মত হয়।
সেখানে নিষেধাজ্ঞা, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি ও ইউরেনিয়াম মজুত, পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়ন এবং চুক্তি বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ—এই চারটি বিষয়ে পৃথক ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
গারিবাবাদি বলেন, ‘কাতারের সঙ্গে অন্য পক্ষের প্রতিশ্রুতি বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত পরামর্শ চলছে। তবে দোহায় কারিগরি ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হবে বলে কিছু গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়।’
তিনি আরও জানান, প্রয়োজনীয় পরিবেশ তৈরি হওয়ার পর এবং বৈঠকের সময় ও স্থান নিয়ে দুই পক্ষের সম্মতি হলে প্রথম দফার কারিগরি বৈঠক অনুষ্ঠিত হবে।
সূত্র: সিএনএন
এমএস/